গল্প : ভুল
ডাকটা শুনে হকচকিয়ে গেলো অসীম...
" হটাৎ রাস্তার উপর কে নাম ধরে ডাকলো...!!!?? "
" ওই এই দিকে রে..."
এবার অসীম দেখলো তার বা দিক থেকে একজন হাত নাড়ছে...
" আরে সুনীল যে...." বললো অসীম..
সুনীল অসীমের ছোট বেলার বন্ধু...
সুনীলের দিকে এবার এগিয়ে গেলো অসীম..
অসীম : " কি রে খবর কি ? "
সুনীল : " আর খবর.....এই অটো নিয়ে বাড়ি ফিরবো..তোদের মতন তো আর পড়া লেখা শিখতে পারিনি তাই অটো চালাই ভাই। তুই বল তুই কোথায় যাচ্ছিল ? "
অসীম : " আরে ভাই অফিস থেকে ফিরছিলাম....এই কাছেই অফিস.."
সুনীল : " তো বাড়ি যাবি তো এখন ? চল ছেড়ে দিচ্ছি...একটু গল্পও হয়ে যাবে...অনেকদিন দেখা সাক্ষাৎ নেই তোদের কারুর সাথে। "
অগত্যা সুনীলের অটোতে বসলো অসীম।
অসীম : " আর বল ভাই বিয়ে করেছিস...? "
সুনীল : " হম রে ভাই এই আগের বছরই করলাম। তোদের কারুর সাথে তো যোগাযোগ নেই নইলে ডাকতাম।"
অসীম : " আরে সে ঠিক আছে ভাই..."
সুনীল : " তুই বল তুই করলি বিয়ে ? তোরা তো সব শিক্ষিত ছেলে.... বড়ো অফিসে নিশ্চয়ই চাকরি করছিস..."
উত্তরে মুচকি হেসে অসীম বললো..
অসীম : " আরে না রে...তেমন কিছু না। না না বিয়ে করিনি রে..."
সুনীল : " কেনো রে ? করে নে আর কত দেরি করবি...আমার তো দেরি হলো কারণ এই তো অটো চালাই দেখতেই পারছিস...জানিসই তো পড়াশোনা করিনি...৮ অব্দি পড়ে তো স্কুল ছাড়লাম তারপর একজনের একটা অটো চালাতাম তারপর টাকা জমিয়ে নিজের অটো কিনলাম...এখন ভাই তোদের আশির্বাদে ৩ টে অটো কিনেছি ভাই..দুটো ভাড়া খাটে আর একটা আমি নিজে চালাই...আগের বছর আমাদের ওই বাড়ি তো দেখেছিলিস ওখানে কে নিজের মেয়ে দেবে তাই এবার একটা ফ্ল্যাট নিলাম...হ্যাঁ ভাই তবে সেকেন্ড হ্যান্ড ই নিয়েছি । নতুন ফ্ল্যাট ভাই আমাদের কপালে কোথায় বল....নতুন ফ্ল্যাট সব তোরা নিবি শিক্ষিত ছেলে পুলে....তোরাই ভালো আছিস রে ভাই...
আর এসব গোছাতে গোছাতে দেরি হয়ে গেল বিয়ে করতে...."
একটু মুচকি হাসলো অসীম...
অসীম : " আরে না ভাই...সেরোম কিছু না রে..."
সুনীল : " হম ভাই দেখ...কোনো কাজই ছোট না...চুরি তো করছি না। অটো চালাচ্ছি...আমার যা যোগ্যতা তাতে খেয়ে পড়ে তো আছি ভাই "
অসীম : " না না সে তো ঠিকই..."
"এই সামনে টা দাড় করিয়ে দে ভাই একটু " : বললো অসীম..
সুনীল : " ঠিক আছে...আমার নাম্বার টা রেখে দে...একদিন রবিবার করে আয়ে না হয় একটু এই গরীব বন্ধুর বাড়িতে...জমিয়ে খাওয়া আর আড্ডা হবে..."
অসীম একটু লজ্জা পেয়ে বললো..
অসীম : " আরে ধুর কি সব বলিস না তুই....চল আসলাম ভাই...একদিন আসবো চল...টাটা.."
ধীরে ধীরে সুনীলের অটোটা মিলিয়ে গেলো..
"কিরে আজ এত তাড়াতাড়ি চলে এলি..." গেটটা খুলে জিজ্ঞাস করলো অসীমের মা...
একটু হেসে অসীম বললো...
অসীম : " আজ হেঁটে আসতে হয়নী গো...আমাদের স্কুলের সুনীলের সাথে দেখা হল... ও অটো চালায় আমায় ছেড়ে দিল.."
অসীমের মা : " কে সুনীল...?"
অসীম : " আরে মনে নেই একটু মোটা করে লম্বা করে...একবার আমার জন্মদিনে এসছিল....ওই যে ক্লাস এইটের পর পড়ালেখা ছেড়ে দিল..."
অসীমের মা : " ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে...তো কি বললো সে....
আর তোকে একটু বেরোতে হবে রে...একটু কয়লা নিয়ে আসবি...একদম কয়লা নেই...উনুনে ভাত চাপাতে পারছি না..."
অসীম একটা দীর্ঘনিশ্বাস নিয়ে মুচকি হেসে বললো...
অসীম : " কি আর বলবে....আমার করা জীবনের ভুল গুলো গোনালো...."
অসীমের মা : " ভুল..!!!!!
তুই আবার কি ভুল করলি...."
অসীম : " করেছি মা...অনেক গুলোই করেছি...আর আজ আর তোমায় কয়লাতে রাধতে হবে না...আজ না হয় আমার করা ভুল গুলোকেই জ্বালিয়ে রান্না চাপাও..."
বলে আবার মুচকি হাসলো অসীম...
অসীমের মা : " কি সব বলছিস...ভুল আবার জ্বালানো যায় নাকি....কি পাগল হলি নাকি..."
এবার অসীম এক দীর্ঘনিশ্বাস নিয়ে বললো....
অসীম : " যায় যায়....ভুলও জ্বালানো যায়....পাশের ঘরে আলমারিতে দেখ...আমার ছোট থেকে করা প্রতিটা ভুল একটা ফাইলে রয়েছে...ভালো ভাষায় ওগুলোকে এতদিন আমি সার্টিফিকেট বলতাম..."
এই বলে মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল অসীম...
লেখক : সুদীপ দে
No comments:
Post a Comment