Saturday, April 29, 2023

তুমি আর আমি

অবশেষে একদিন,
সেই তুমি আর আমি,
তুমি আর আমি,
ঠিক যেই ভাবে চেয়েছিলাম,
ঠিক সেই ভাবে তুমি আর আমি।
একে অপরের পাশে দাড়িয়ে,
একে অপরেতে হারিয়ে গিয়ে,
সেই তুমি আর আমি।
শত ঝগড়া, কান্নাকাটি, মান অভিমান,
তবে সব শেষে শুধু তুমি আর আমি।
প্রতিদিনের ঘোড় দৌড়ে,
ক্লান্ত শরীরে বাড়ি ফিরে,
অবশেষে সেই তুমি আর আমি।
তুমি আর আমি, সেই তুমি আর আমি,
প্রতিনিয়ত কাজের ফাঁকে,
ব্যস্ততার প্রাতরাশে,
অতীতের অট্টালিকায়,
বর্তমানের বারান্দায়,
ভবিষ্যতের ভূমিতে,
সেই তুমি আর আমি।
থেকে যাক এভাবেই সব,
মিলিয়ে যাক বাকি কালের তরে,
মিলিয়ে যাক সবই যা ছিল নশ্বর,
থেকে যাক শুধু তুমি আর আমি,
হয়ে অবিনশ্বর চিরতরে।



Sunday, April 9, 2023

বন

পৃথিবীর সেই আদিকাল থেকে,
ধীরে ধীরে বেড়ে উঠেছি আমি।
আমি দিয়েছি সেই প্রাণবায়ু,
যাতে প্রস্ফুটিত সমগ্র প্রাণীকুল।
আমি দিয়েছি কখনো অন্ন কখনো বা বাসস্থান,
আবার কখনো দিয়েছি ভেষজ রুপি রক্ষা কবচ,
যা রক্ষা করেছে বারংবার এ সমগ্র প্রাণী জগৎ।
তবে কেন প্রতিনিয়ত হতে হয় লুণ্ঠিত আমায়,
লুণ্ঠিত হতে হয় মানব সভ্যতার লোভের কুঠারে ?
কেন প্রতিনিয়ত হতে হয় নিশ্চিহ্ন আমায়,
হতে হয় নিশ্চিহ্ন অগ্রগতির দোহাইতে ?
তবে কি অগ্রগতির পথে এক বাধা আমি ?
কিন্তু অগ্রগতি তো হয়েছে,
হয়েছে সেই আদিম কাল থেকেই,
বর্ণিত আছে যা মানব সভ্যতার ইতিহাসে।
কিন্তু তখন তো হইনি বাধা আমি,
তখন তো ছিলাম আমি বন্ধু,
ছিলাম আমি পূজার যোগ্য,
তবে আজ কেন হয়েছি বাধা আমি ?
নাকি এসবই শুধু লোভের মোড়কে মোড়া অগ্রগতির রূপ,
যাতে হয়ে মুগ্ধ এই মানব সমাজ, 
করেছে নিজেকে অন্ধ,
হারিয়েছে বোধশক্তি, খুইয়েছে বিচার ক্ষমতা।
হয়তো এভাবেই ক্রমশ এগোবে কাল,
ধীরে ধীরে হবো আমি শূন্য,
সাথে হবে শূন্য সেই প্রাণবায়ু,
যাতে হত প্রস্ফুটিত প্রাণীকুল।
হারিয়ে যাবে সেই ভেষজ কবচ,
যাতে বারংবার রক্ষিত হয়েছিল প্রাণীকুল।
মিলিয়ে যাবে সেই বাসস্থান,
যাতে আশ্রিত ছিল বহু বন্য।
হয়তো এভাবেই হবে শেষ অগ্রগতির,
হয়তো এভাবেই হবে শুরু আরও এক আদিমের।   
                                    কবি : সুদীপ দে