Friday, May 1, 2026

সমাজের অনুদান

দান নয়, দান নয়, নয়কো আমি ভিখারী,
কর্মক্ষমে পূর্ণ আমি, শ্রম বেচে খেতে রাজি।
না চাই অনুদান কোন, না চাই কোনো ভাতা,
কাজ করে খেতে চাই আমি, আমার চাই না কোনো দাতা।

তবে কাজের বাজারে মন্দা আছে এমন কিন্তু নয়,
বেছে মুরি চানাচুর আয় বেশ ভালোই হয়।
ভাবছি সাথে চপ ভেজে দেখাবো আমি শিল্প,
না হয় সাথে পাকোরাও কিছু ভেজে নেব অল্প।

তবে এরপরেও যদি কাজ করে মনটা না ভরে,
এই শরৎকালে তবে আর থাকবো নাকো ঘরে,
ফুটেছে দেখ চারিপাশে কাশফুল সারিসারি,
এই কাশফুল দিয়ে আমরাতো বালিস বানাতে পারি।

বিক্রি করে সেই বালিশ আমি করব লক্ষ উপার্জন।
এত আয় বাদ দিয়ে চাকরি আবার খুঁজবে কোন জন ?
ছোট নয় কোনো কাজই, সব কাজেই আছে সম্মান,
শুধু নামের পাশে শিক্ষিতের তকমাটা আজ বড়ই বেমানান।

স্বপ্ন ভেঙে চূর্ণ যে আজ, ডিগ্রি গুলো করে হাহাকার,
মেধাবী ছাত্র যার ছিল পরিচয়, আজ তার ভবিষ্যৎ অন্ধকার।
ফার্স্ট বেঞ্চে বসত যে সে আজ ফুটপাথে পেল স্থান,
লজ্জা শুধু তার একার নয়, এ পুরো সমাজের অপমান।



No comments:

Post a Comment