নিজের জীবন করে অন্ধকার,
ভোটারদের দেখাবো আলো,
নির্বাচনে নিযুক্ত আধিকারিক আমি,
নমস্কার আমি BLO।
পরিকল্পনা ছাড়া কাজে নেমে,
হাতে ঘুরছি নিয়ে ফর্ম গুলো,
ফর্ম ব্যাগে নিয়ে বাড়ি বাড়ি ঘোরা,
আমি এক BLO।
দিন রাত্রের ঠিক নেই আর,
শুধু খুঁজে চলেছি ভোটার গুলো,
পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো,
আমি সেই BLO।
ভোটার যখন ফর্ম নিয়ে ভাবে,
সে বড় উপকার করে দিলো,
সেই উপকারের বোঝা নিয়ে থাকা,
আমি সেই হতভাগা BLO।
দিন রাত্রি এখন বাজে শুধু ফোন,
প্রশ্ন একটাই " ফর্ম জমা নেবেন কখন ?
দিতে হবে কেনো নথিপত্র..!
আমরা বহুকালের বাসিন্দা যখন? "
বলছি আমি তাই বুঝিয়ে তাদের,
কিছুই করার নেই আমাদের।
খুঁজতে থাকুন সঠিক নথি,
না পাওয়া গেলে হবে দুর্গতি।
ধীরে ধীরে চাপ বাড়ছে এখন,
হুমকি আসছে যখন তখন।
প্রাণ যাবে নাকি চাকরি?
ঘুরছে মাথায় এই সর্বক্ষণ।
নতুন অর্ডার আসছে দিন রাত্রি,
সাথে নিয়ম বদলে যাচ্ছে,
নতুন নিয়ম বোঝাতে গেলে,
ভোটার BLO এরই দোষ খুঁজে পাচ্ছে।
অবশেষে ফর্ম জমা হলো,
খসরা তালিকা প্রকাশ পেলো,
নথি না দিয়েও নাম দেখতে পেয়ে,
ভোটার আত্মহারা হয়ে গেলো।
তবে শুরু এবার নতুন খেলা,
আসলো শুনানির সমন ডাকার পালা।
এখন ভোটার বলে কিসের সমন?
ভোটার তালিকায় নাম আছে যখন।
বলছি তাদের শুনানিতে আসা আবশ্যিক,
আনতে হবে নথিপত্র যা পুরোপুরি সঠিক।
সঠিক নথি না পেলে নাম বাদ হয়ে যাবে,
বাতিল হবে ভোটার কার্ড, ভোটের অধিকার হারাবে।
অবশেষে শেষ হলো শুনানি,
ভাবলাম তবে শেষ কাহিনী,
কিন্তু শুরু এবার অন্য খেলা,
এলো কৃত্রিম বুদ্ধিমত্তার পালা।
কৃত্রিম বুদ্ধি এবার উঠল জেগে,
নাম বদলে গেলো ঝড়ের বেগে,
আদেশ আবার হবে শুনানি,
শেষ নয়, শুরু নতুন কাহিনী।
ক্ষিপ্ত ভোটার তেড়ে এলো,
বললও ভুল নাকি সব আমার ছিল,
আমার ভুলে তাদের নাম গেছে বাদ,
কাজে ফাঁকি দেওয়াই নাকি আমার স্বভাব।
শুরু যাত্রা আবার নিয়ে সমন সাথে,
বিলোতে হবে সবার হাতে হাতে।
দোষ না করেও দোষী হওয়া,
শেষে এটাই ছিল এই বরাতে।
তবে অবশেষে সব শেষ হলো,
চূড়ান্ত তালিকা প্রকাশ পেলো।
থাকলো নাম যাদের ছিল নথি,
আর বাকিরা কোথায় হারিয়ে গেলো।
সবশেষ আজ বিধ্বস্ত আমি,
আমি ক্লান্ত মানসিকভাবে,
কিন্তু আবারও নতুন আদেশ এলো,
ভোটের দিন BLO ভোটকেন্দ্রেই দাঁড়াবে।
অবশেষে এলো বহু প্রতীক্ষিত,
বহু প্রতীক্ষিত ভোটের দিন,
গেটের বাইরে আজ দাঁড়িয়ে ক্রীতদাস আমি,
বলছি " একটু স্লিপটা চেক করিয়ে নিন"।
No comments:
Post a Comment