প্রতিবাদে যদি হয় মুখর সমাজ,
প্রতিবাদে কেঁপে যদি ওঠে চারিপাশ,
প্রতিবাদই হতে পারে শুধু অস্ত্র এমন,
যা ভাঙতে পারে স্বৈরাচারীতার নাগপাশ।
প্রতিবাদই পারে শুধু আনতে বদল,
পারে প্রতিবাদই ছিনিয়ে আনতে অধিকার,
অন্যায়ের অসুর দমনেতে তাই,
শুধু প্রতিবাদই হতে পারে অস্ত্র সবার।
প্রতিবাদেই আসবে ন্যায়ের শাসন,
প্রতিবাদেই হবে অন্যায়ের বিসর্জন,
প্রতিবাদের স্বরে হবে ঐক্য সমাজ,
প্রত্যেক প্রতিবাদীই তখন হবে স্বজন।
তবে সোজা নয় এই প্রতিবাদের লড়াই,
প্রতিনিয়ত দিতে হয় সাহসিকতার পরিচয়,
রেখে নিজ সংকল্পে দৃঢ় বিশ্বাস,
এই প্রতিবাদের লড়াই চালিয়ে যেতে হয়।
দিতে হতে পারে শত আত্মত্যাগ,
পেতে হতে পারে বহু শাস্তি কঠোর,
তবে প্রতিবাদের পথেই হবে জয় নিশ্চিত,
হয়তো কখনও কিছু পরাজয়ের পর।
No comments:
Post a Comment